একটা মুরগির বাচ্চার গল্প বলি। তার বন্ধুরা তাকে ছোট্ট তিতি বলে ডাকত। ছোট্ট তিতি একটি সাধারণ ছোট্ট শহরের একটি সাধারণ ছোট্ট মুরগির ঘরে থাকত।
সে লম্বাও ছিল না আবার খাটও ছিল না। সে মোটাও ছিল না আবার পাতলাও ছিলনা। সে বুদ্ধিমানও ছিল না আবার বোকাও ছিলনা। ছোট্ট তিতি ছিল একটি সম্পূর্ণ স্বাভাবিক ছোট্ট মুরগির বাচ্চা।
সম্পূর্ণ স্বাভাবিক এক সকালে ছোট্ট তিতি রান্নাঘরে বসে সকালের নাস্তা করছিল। সে মাখনের সাথে টোস্ট এবং ক্রিমযুক্ত কফি পছন্দ করত।
সে ইন্টারনেটে খবর পড়ছিল। সে একটি আতঙ্কজনক শিরোনাম সহ একটি ভয়ঙ্কর খবর পড়ছিল। সেখানে লেখা ছিল: আকাশ ভেঙে পড়ছে!
সে এতটা ভয় পেল যে সে তার টোস্টটি তার কফিতে ফেলে দিল। ওহ!
"আকাশ ভেঙে পড়ছে! আকাশ পড়ে যাচ্ছে! আমাকে সবাইকে সতর্ক করতে হবে!" ছোট্ট তিতি চিৎকার দিয়ে বলল।
প্রথমত, সে খবরটি ইমেল করল তার এক হাজার নিকটতম বন্ধুকে। তারপরে সবাইকে সতর্ক করতে রাস্তায় ছুটে গেল।
রাস্তায় প্রথম যার সাথে দেখা হল সে হল পলিন মুরগি। পলিন সুপার মার্কেট থেকে আসছিল।
"শুভ সকাল, ছোট্ট তিতি!" পলিন বলল। "তুমি কোথায় যাচ্ছ? তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন?
"আকাশ ভেঙে পড়ছে! আকাশ পড়ে যাচ্ছে!" ছোট্ট তিতি বলল।
"সত্যি? তুমি কীভাবে জানো?" পলিন জিজ্ঞাসা করল।
"আমি ইন্টারনেটে দেখেছি!" ছোট্ট তিতি বলল।
"ওমা, তাই নাকি! এটি তবে অবশ্যই সত্যি!" পলিন বলল। "চলো যাই!"
ছোট্ট তিতি এবং পলিন মুরগী তখন একসাথে রাস্তায় নেমে পুকুরের দিকে হাটতে শুরু করল।
পুকুরে পৌঁছে তাদের দেখা হলো কারিনা হাঁসের সাথে। কারিনা গোসল করছিল।
"হ্যালো দুজনকে!" কারিনা বলল। "তোমরা কোথায় যাচ্ছ? তোমাদেরকে এত ভীত দেখাচ্ছে কেন?"
"আকাশ ভেঙে পড়ছে! আকাশ পড়ে যাচ্ছে!" ছোট্ট তিতি এবং পলিন একসাথে বলল।
"সত্যি? তোমরা কীভাবে জানো?" কারিনা জিজ্ঞাসা করল।
"আমি ইন্টারনেটে দেখেছি!" ছোট্ট তিতি বলল।
"ওহ না! এটা তাহলে অবশ্যই সত্য!" কারিনা বলল। "চলো যাই!"
তাই ছোট্ট তিতি, পলিন মুরগি এবং কারিনা হাঁস এক সাথে ফার্মের দিকে ছুটে চলল।
তারা যখন খামারে পৌঁছল তখন তাদের দেখা হল লুইস রাজহাঁসের সাথে। সে রজার কবুতরকে কবিতা পড়ে শোনাচ্ছিল।
"সবাইকে অভিবাদন!" লুইস বলল। "তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এত ভীত কেন?"
"আকাশ ভেঙে পড়ছে। আকাশ পড়ে যাচ্ছে!" সবাই একসাথে চিৎকার করে বলল।
"সত্যি? তোমরা কীভাবে জানো?" রজার জিজ্ঞেস করল।
"আমরা ইন্টারনেটে দেখেছি!" তারা সবাই একসাথে বলল।
"করুণাময় করুণাময়! এটি তবে অবশ্যই সত্য!" লুইস বলল। "এখন কবিতা পড়ার সময় নেই। চলো সবাই।
ছোট্ট তিতি, পলিন মুরগি, কারিনা হাঁস, লুইস রাজহাঁস এবং রজার কবুতর একসাথে শহরের দিকে যাত্রা করল।
প্রধান রাস্তায় তাদের দেখা হল জেরার্ড শিয়ালের সাথে। জেরার্ড একটি ক্যাফেতে বসে তার ল্যাপটপে লিখছিল।
"বন্ধুরা, সুপ্রভাত!" জেরার্ড বলল। "তোমরা কোথায় যাচ্ছ? তোমাদেরকে এত ভীত দেখাচ্ছে কেন?"
"আকাশ ভেঙে পড়ছে! আকাশ পড়ে যাচ্ছে!" সবাই চিৎকার দিয়ে বলল।
"সত্যি? তোমরা কীভাবে জানো?" জেরার্ড জিজ্ঞেস করল।
"আমরা ইন্টারনেটে দেখেছি!" তারা সবাই আবার চিৎকার করে বলল।
"বাহ! ঠিক আছে তবে তা অবশ্যই সত্য!" শিয়াল বলল। "তবে চিন্তা করনা, বন্ধুরা, আমি একটি গোপন জায়গা চিনি। আমাকে অনুসরণ কর!"
জেরার্ড প্রত্যেককে গ্রামের মধ্য দিয়ে, রাস্তা দিয়ে, মাঠের উপর দিয়ে একটি পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় একটি বড়, অন্ধকার গুহা ছিল।
"এসো! ভিতরে এস!" জেরার্ড বলল। "এখানে প্রত্যেকের জন্য পর্যাপ্ত জায়গা আছে! আকাশ এখানে আমাদের উপর পড়বে না। আমরা এখানে সম্পূর্ণ নিরাপদ।"
পরের দিন সকালে, ছোট্ট তিতি এবং তার বন্ধুরা গুহা থেকে উধাও হয়ে গেল। গুহাটি খালি।
তারা সবাই কোথায় গেল? আমরা আসলে জানি না। তবে আমি আপনাদেরকে একটি জিনিস বলব: জেরার্ড শিয়াল ছিল খুবই খুশি। তার পেটটা কিন্তু খুব বড় এবং গোল দেখা গেল।
জেরার্ড শিয়াল একটি গাছের নীচে বসে আবার তার ল্যাপটপে লিখতে শুরু করল।
Comments
Post a Comment