একবার এক তিমি ও একটি গাঙচিলের মধ্যে প্রবল বন্ধুত্ব গড়ে উঠল।
গাঙচিলটি তিমির সুন্দর হাসি পছন্দ করত। তিমি যখন পানিতে সাঁতার কাটত, গাঙচিলটি তখন আনন্দ সহকারে দেখত। তিমি গাঙচিলের সুদর্শন পালক পছন্দ করত। সে পছন্দ করত গাঙচিলের ডানা মেলে আকাশে ওড়া দেখতে।
তারা দু'জনেই প্রচুর ছোট মাছ খেতে পছন্দ করত।
গ্রীষ্মের সময়, গাঙচিল এবং তিমিটি উপসাগরে এসে দেখা করত। তারা অনেক কথা বলত। তারা চাঁদ, জোয়ার এবং সমুদ্রের জাহাজ সম্পর্কে কথা বলত।
গাঙচিল কৌতুক বলত এবং তিমি হাসত। তিমি সুন্দর গান গাইত যা শুনে গাঙচিল কাঁদত।
"একদিন তোমাকে আমার পরিবারের সাথে দেখা করতে সমুদ্রে নিয়ে যাব" তিমি বলল।
"একদিন স্থলে আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব" গাঙচিলটি বলল।
সব কিছুই ঠিকঠাক ছিল।
কিন্তু গাঙচিল এবং তিমির বন্ধুত্বের কারণে পৃথিবী থেমে থাকে না। গ্রীষ্মকাল শেষে শরৎ এল এবং শরৎ শীতের পথে যাত্রা করল। সমুদ্র শীতল হয়ে উঠল, এবং সমস্ত তিমি গরম জলের দিকে রওনা হল।
"আমার সাথে গরম জলে আস" তিমি বলল। "এটা একটা চমৎকার জায়গা। এটা সবসময় গরম থাকে এবং খাওয়ার মতো অনেক মাছ আছে এখানে"
"আমি মাছ খেতে ভালোবাসি," গাঙচিলটি বলল। "এবং আমি তোমাকেও ভালবাসি। আমি তোমাকে যে কোনও জায়গায় অনুসরণ করব।
"এই রকম!" তিমি বলল, "আমাকে অনুসরণ কর!", সে জলের গভীরে ডুব দিল।
"ঠিক আছে!" গাঙচিলটি বলল এবং সেও জলে ডুব দিল।
গাঙচিলটি গভীর থেকে আরও গভীরে ডুব দিল। "আমি সাঁতার কাটছি!" সে হাসছিল। "আমি এখন একটা তিমি!"
তবে শীঘ্রই তার শ্বাস আটকে গেল। সে হাঁফ ছেড়ে মাটিতে ফিরে গেল।
সে বারবার সাঁতার কাটতে চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তার শ্বাস আটকে গেল।
"আমি মনে করি না কোন পাখি তিমি হতে পারে," গাঙচিলটি বলল। "তুমি বরং আমার সাথে এসো। আমি পাহাড়ের উপরে থাকি যা এক চমৎকার জায়গা।
"আমি সূর্য ওঠা দেখতে ভালোবাসি," তিমি বলল। "এবং আমি তোমাকেও ভালবাসি। আমি তোমাকে যে কোনও জায়গায় অনুসরণ করব তবে সবার আগে আমাকে পাখি হতে শেখাও।"
"এই রকম!" গাঙচিল বলল। "আমাকে অনুসরণ কর!", এবং সে তার ডানা উল্টিয়ে আকাশে উড়ে গেল।
"ঠিক আছে!" তিমি বলল। সে চোখ বন্ধ করে পাখির মতো ডানা ঝাপটাল।
"আমি উড়ছি!" সে হাসল। "আমি পাখি!"
কিন্তু যখন সে চোখ খুলল, সে নিজেকে পানিতেই খুঁজে পেল। আকাশে উড়তে পারল না।
সে বারবার ওড়ার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হল।
"তিমি কখনও গাঙচিল হতে পারে বলে আমি মনে করি না," তিমি বলল।
"কীভাবে উড়তে হয় তুমি জান না এবং কীভাবে সাঁতার কাটতে হয় আমি তা জানি না। তাই আমরা কোথায় থাকতে পারি?" গাঙচিল বলল।
"আমি এখানেই থাকব!" তিমি বলল।
গাঙচিলটি দুঃখের সাথে মাথা নাড়ল। "তুমি সমুদ্রের গভীরে সাঁতার কাটতে ভালবাস," সে বলল। "এটা তোমার পছন্দের বিষয়। তুমি আমার এখানে কখনও সুখী হতে পারবে না।"
তিমি দীর্ঘশ্বাস ফেলল। "এবং তুমি আকাশে উড়তে এবং পাহাড়ে আরোহণ করতে পছন্দ কর," তিমি বলল। এটা তোমার প্রিয় কাজ। তুমি আমার এখানে কখনও সুখী হতে পারবে না।"
এবং তাই, গাঙচিল এবং তিমি একে অপরকে বিদায় জানাল। কিন্তু তারা একে অপরকে কখনও ভুলতে পারেনি। প্রতিবার যখন তিমি আকাশে কোন গাঙচিলকে উড়তে দেখত, সে তার বন্ধু গাঙচিলের কথা ভাবত।
এবং যতবারই গাঙচিলটি কোন তিমিকে সমুদ্রে সাঁতার কাটতে দেখত, সে ভাবত তার বন্ধু তিমির কথা।
Comments
Post a Comment